খুলনার পাইকগাছায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিন দূষণের হাত থেকে রক্ষায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্প-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত এবং পাইকগাছা থানার এসআই আতিকুর রহমান।
রূপান্তরের প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা ও মনিটরিং কর্মকর্তা দীপ সাহা সুন্দরবন সুরক্ষা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য ক্রমেই হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রকল্পের আওতায় সুন্দরবন-সংলগ্ন এলাকায় ১০ হাজার পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে।
এছাড়া ১৭টি উপজেলায় 'ইয়ুথ ফর সুন্দরবন' ফোরামের মাধ্যমে ৫৩০ জন তরুণকে বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতামূলক কার্যক্রমে প্রশিক্ষণ দিয়ে যুক্ত করা হয়েছে। সরকারি কর্মকর্তা, বাজার কমিটি, ব্যবসায়ী এবং সুন্দরবননির্ভর বিভিন্ন পেশাজীবীর সঙ্গে নিয়মিত মতবিনিময়ও করা হচ্ছে বলে জানানো হয়।
কর্মশালায় 'জার্নালিজম ফর সুন্দরবন' ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. আব্দুল আজিজ, সদস্য প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, এইচ এম শফিউল ইসলাম, শিক্ষক নাহিদা আক্তার, রবিউল ইসলাম, এনজিও প্রতিনিধি মুক্তা বিশ্বাস, নাসরিন সুলতানা, রোজিনা খাতুন এবং ইয়ুথ ফর সুন্দরবন ফোরামের সদস্যরা অংশ নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, বিকল্প পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে দৈনন্দিন জীবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।