২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। টুর্নামেন্ট শুরুর আগেই তার ডান হাতের অনামিকায় চিড় ধরা পড়ে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও বিশ্বকাপের কথা ভেবে সেই সিদ্ধান্ত নেননি তিনি। ব্যথা নিয়েই পুরো আসরে খেলছেন এই তারকা গোলরক্ষক।
মার্তিনেস জানিয়েছেন, চোটের কারণে এখনও প্রতিদিনই হাতে ব্যথা অনুভব করেন। তবে দলের প্রয়োজনে সেই কষ্ট উপেক্ষা করে মাঠে নেমেছেন।
তিনি বলেন, ‘আমার হাত এখনো প্রতিদিন ব্যথা করে। জানতাম এই চোট আমাকে ভোগাবে। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের বিশেষজ্ঞরা অস্ত্রোপচার করতে বলেছিলেন, কিন্তু আমি সেটি করিনি।’
আর্জেন্টাইন এই গোলরক্ষক জানান, গ্রুপ পর্বে চোটের প্রভাব সবচেয়ে বেশি ছিল। সে সময় ঠিকমতো অনুশীলনও করতে পারেননি। তবে নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে ব্যথাকে আর গুরুত্ব দিচ্ছেন না।
তিনি বলেন, ‘গ্রুপ পর্বে আমি অনুশীলনই করতে পারিনি। কিন্তু নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে বিষয়টি মাথায় রাখিনি। এখন নিজেকে অনেক ভালো লাগছে।’
ফাইনালে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা। কয়েক বছর আগে সতীর্থদের সঙ্গে আড্ডায় দুইবার বিশ্বকাপ জিততে পারলে অবসরের কথা বলেছিলেন মার্তিনেস। সেই প্রসঙ্গ টেনে তিনি হাসিমুখে বলেন, ‘হ্যাঁ, এমন কথা বলেছিলাম। কিন্তু অবসরের আগে তো ম্যাচটা জিততে হবে। এখন আমার সব চিন্তা শুধু ফাইনাল নিয়ে।’
দলের সাফল্যের প্রসঙ্গে আবেগাপ্লুত হয়ে মার্তিনেস বলেন, ‘আমরা যা অর্জন করেছি, তা ভাবলে কখনো কখনো একা বসেই কেঁদে ফেলি। সামনে আরও আনন্দের মুহূর্ত আসছে। সেগুলো আমরা সবাই মিলে উপভোগ করতে চাই।’
রোববার স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে চোটকে সঙ্গী করেই দলের শেষ ভরসা হয়ে উঠতে চান এমিলিয়ানো মার্তিনেস।