বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ফুটবলপ্রেমীদের দৃষ্টি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন অধিনায়ককে কীভাবে থামানো যায়, সেটিই এখন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের সবচেয়ে বড় ভাবনা।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন স্পেনের কোচ। তিনি জানান, মেসিকে আটকাতে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে ব্যক্তিগত মার্কিংয়ের দায়িত্ব দেওয়া হবে না।
দে লা ফুয়েন্তে বলেন, একজন খেলোয়াড় দিয়ে মেসিকে থামানো সম্ভব নয়। তাই পুরো দলের সমন্বিত রক্ষণভাগের ওপরই ভরসা রাখছে স্পেন। তার পরিকল্পনা হলো, মাঠের যেসব জায়গায় মেসি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেন, সেখানে বল পৌঁছানোর আগেই পাসিং লাইন বন্ধ করে দেওয়া। অর্থাৎ, মেসিকে ঘিরে সমন্বিত রক্ষণ গড়ে তুলে তাকে খেলা থেকে বিচ্ছিন্ন রাখাই স্পেনের মূল লক্ষ্য।
অন্যদিকে, স্পেনের এই পরিকল্পনার বিপরীতে আর্জেন্টিনাও কৌশল সাজাচ্ছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, মাঝমাঠের লড়াইয়ে এগিয়ে থাকতে কোচ লিওনেল স্কালোনি ফাইনালে নতুন কোনো ট্যাকটিক্যাল চমক দিতে পারেন।
সূত্র: মার্কা