মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে এক কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
গত বৃহস্পতিবার ইরানপন্থি সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে তারা ‘অপরাধী’ হিসেবে বিবেচনা করছে। সংগঠনটির দাবি, তাদের সদস্য ও সমর্থকদের দেওয়া অনুদানের অর্থ থেকেই এই এক কোটি ডলারের পুরস্কার বরাদ্দ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করবে, তারা এই অর্থ পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই ‘অপরাধী’ নিরাপদ আশ্রয়ও খুঁজে পাবে না।
এ ছাড়া বিবৃতিতে যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়াকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।
এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্য ইতিবাচকভাবে নেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এর পরই সংগঠনটি ট্রাম্পের মাথার দাম হিসেবে এক কোটি ডলার পুরস্কার ঘোষণার কথা জানায়।