বগুড়ার গাবতলী উপজেলায় এইচএসসি পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণের ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) গাবতলীর সৈয়দ আহম্মদ কলেজ কেন্দ্রে ভূগোল বিষয়ের পরীক্ষায় এই ঘটনা ঘটে। নির্ধারিত সময়ে প্রশ্ন না পৌঁছানোয় পরীক্ষা শুরু হতে ২২ মিনিট দেরি হয়, যা পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
শুক্রবার (১৭ জুলাই) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানিয়েছেন, কেন্দ্র সচিবের স্পষ্ট ব্যর্থতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
রোববার শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।