রাশিয়ার চলমান সামরিক আগ্রাসনের মধ্যে ইউক্রেনের সরকারে বড় ধরনের রদবদল এনেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর অংশ হিসেবে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্বালানি খাতের অভিজ্ঞ নির্বাহী ও ব্যবসায়ী সের্গেই কোরেৎস্কি (৪৮)। যুদ্ধের মধ্যেই তিনি ইউক্রেনের তৃতীয় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৌশলী ও অর্থনীতিবিদ কোরেৎস্কির এর আগে সরকারি বা রাজনৈতিক কোনো পদে কাজ করার অভিজ্ঞতা নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও দক্ষ ব্যবস্থাপক হিসেবে তার পরিচিতি রয়েছে। বিশ্লেষকদের মতে, এই রাজনৈতিক নিরপেক্ষতাই দায়িত্ব পালনে তাকে বাড়তি সুবিধা দিতে পারে।
আন্তর্জাতিক অর্থায়ন, জ্বালানি বাজার ব্যবস্থাপনা এবং তেল উৎপাদন ও শোধনাগার খাতে কোরেৎস্কির রয়েছে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দেশটির বৃহত্তম তেল কোম্পানি ইউক্রনাফতা-র প্রধান ছিলেন। পাশাপাশি কন্টিনুয়াম গ্রুপ ও জ্বালানি খুচরা প্রতিষ্ঠান ডব্লিউওজি-এর সিইও হিসেবেও কাজ করেছেন।
পশ্চিম ইউক্রেনের লুৎস্ক শহরে জন্ম নেওয়া কোরেৎস্কি ব্যক্তিগত উদ্যোগে একটি কফি চেইন ব্যবসাও গড়ে তুলেছিলেন।
এদিকে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ফলে আসন্ন শীত মৌসুমে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা নতুন প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট জেলেনস্কিও জানিয়েছেন, আসন্ন শীতের জন্য দেশকে প্রস্তুত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আর সেই কঠিন দায়িত্ব এখন নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কির কাঁধে।