রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবিতে অনলাইনে একটি আবেদন চালু করা হয়েছে। ওই আবেদনে ইতোমধ্যে ৯৫ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের আগে পর্যন্ত এ আবেদনের বিষয়ে কোনো ধরনের সাড়া মেলেনি। সেমিফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা পাঁচটি দলকে হারিয়েছে। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে নকআউট পর্বে মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি জয় নিয়ে অনলাইন ও অফলাইনে ব্যাপক আলোচনা চলছে। অনেকের অভিযোগ, ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতি রেফারিরা পক্ষপাতিত্ব করেছেন। এছাড়া আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে লিওনেল মেসি গুরুতর ফাউল করলেও তাকে কোনো কার্ড দেখানো হয়নি বলেও অভিযোগ তুলেছেন সমালোচকরা।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ArgentinaOut.com নামে একটি প্ল্যাটফর্ম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণার বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট। বিজয়ী যখন আগেই ঠিক করা হয়ে গেছে, তখন বাকি বিশ্বের প্রতিযোগিতা করার কী দরকার? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দিন এবং অন্য সবাইকে একটি ন্যায্য সুযোগ দিন।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই আবেদনে ৯৫ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
এদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ইংল্যান্ড ও আর্জেন্টিনার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা দুই দলের ফুটবল লড়াইকেও বাড়তি উত্তেজনা এনে দেয়। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল সেই প্রতিদ্বন্দ্বিতাকে আরও উসকে দেয়। বিতর্কিত সেই ম্যাচের প্রায় ৪০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।