বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে বাড়তি স্বস্তি এনে দিয়েছে একটি পরিসংখ্যান। কারণ, অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাথ ম্যাচ পরিচালনা বা অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করা কোনো ম্যাচেই এখন পর্যন্ত হারেনি লিওনেল মেসির দল। এই নিখুঁত রেকর্ড ঘিরেই ম্যাচের আগে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।
ফুটবল সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টক এর বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকার অভিজ্ঞ অফিশিয়াল ইসমাইল এলফাথ।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবল বিশ্বে একটি অবিশ্বাস্য পরিসংখ্যান নিয়ে তোলপাড় চলছে, যেখানে দেখা গেছে লিওনেল মেসির দল ইসমাইল ইসমাইল এলফাথেরপরিচালনা করা ম্যাচে আজ পর্যন্ত একটিতেও হারেনি।
এই মরক্কান-আমেরিকান রেফারি যখনই মাঠে মূল রেফারি কিংবা ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রতিবারই লিওনেল মেসির দল জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ওয়ার্ল্ড সকার টক তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে, লিওনেল মেসির দল ইসমাইল এলফাত অফিশিয়াল থাকা অবস্থায় মোট ৫টি ম্যাচ খেলেছে এবং ৫টি ম্যাচেই শতভাগ জয়ের নিখুঁত রেকর্ড বজায় রেখেছে।
এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই ম্যাচে এলফাথ ফোর্থ অফিশিয়াল হিসেবে ডাগআউটে ছিলেন।
এর পাশাপাশি মেসির মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত তাদের মোট ৪টি ম্যাচ পরিচালনা করেছেন, যার সবকটিতেই মায়ামি জয়ী হয়, যার মধ্যে ২০২৩ সালের ঐতিহাসিক লিগস কাপ ফাইনালের ট্রফি জয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
এই আসরে এটি ইসমাইল এলফাতের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে, এর আগে তিনি গ্রুপ পর্বে জাপান বনাম নেদারল্যান্ডস ও স্পেন বনাম উরুগুয়ে এবং রাউন্ড অফ ১৬-তে নরওয়ে বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচগুলো অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন।