গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদকে বদলির আদেশ জারির প্রায় দুই মাস পার হলেও তিনি এখনও কর্মস্থল ত্যাগ করেননি। একই সঙ্গে তিনি দায়িত্বও হস্তান্তর করেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এলজিইডির প্রধান কার্যালয়ের স্মারক নং ৪৬.০২.০০০০.০০১.৯৯.০৬৮.২১-৫১৫২, গত ১৯ মে ২০২৬ তারিখে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. আবুল কালাম আজাদকে দিনাজপুরের বিরল উপজেলায় একই পদে বদলি করা হয়।
আদেশে বলা হয়, তাঁকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এবং ৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা প্রকৌশলী পদায়ন না হওয়া পর্যন্ত আর্থিক ক্ষমতাসহ উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
তবে বদলির আদেশ জারির প্রায় দুই মাস পেরিয়ে গেলেও তিনি এখনও পলাশবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। নতুন কর্মস্থলে যোগদান কিংবা দায়িত্ব হস্তান্তরের কোনো প্রক্রিয়াও সম্পন্ন হয়নি বলে জানা গেছে।
এদিকে, অতিরিক্ত দায়িত্ব পালনকালে বরাদ্দ বণ্টন, প্রকল্প গ্রহণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ওই পদে এখন পর্যন্ত অধিদপ্তর থেকে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তাই দায়িত্ব হস্তান্তরের বিষয়টি হয়নি।
সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে জারি হওয়া অপর একটি আদেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই আদেশটি বাতিল করা হয়েছে।
কেন আদেশটি বাতিল করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, অনেক সময় টেলিফোনে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয়।