জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। গত দুই সপ্তাহে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন ৭৫ জন। বর্তমানে ৪০ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে হাসপাতাল ঘুরে দেখা যায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডে ৫০টি শয্যা থাকলেও রোগীর চাপ সামলাতে অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। ডায়রিয়ার পাশাপাশি জ্বর, ঠান্ডা, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে একজন ডেঙ্গু রোগীও চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের নার্স ইনচার্জ নুরানি আক্তার জানান, ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ৭৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একই সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩০০ রোগী ভর্তি হয়েছেন।
আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. আবু রায়হান বলেন, বর্ষা ও অতিবৃষ্টির কারণে টিউবওয়েলের চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। ফলে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সময়মতো চিকিৎসা শুরু করলে অধিকাংশ রোগী তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবে কারও কারও ক্ষেত্রে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েক দিন আগের তীব্র গরমের পর এখন পানিবাহিত সংক্রমণের কারণে ডায়রিয়া বাড়ছে। হাসপাতালে ভর্তি সব রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং অনেক রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।