এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের আভাস মিলেছে। নতুন শিক্ষাবর্ষ থেকে বছরের শুরুতেই এসএসসি এবং ছয় মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। জাতীয় সংসদে মঙ্গলবার (১৪ জুলাই) এ পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংসদে লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বর্তমান সময় হতে পরিবর্তন করা হবে কি না। যদি পরিবর্তন হয় তাহলে কখন হবে?
এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার পাবলিক পরীক্ষাসমূহের সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরো আগাম সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।