ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রবিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, প্রাথমিকভাবে আগামী ১২ নভেম্বর থেকে ইউপি নির্বাচন শুরু করার পরিকল্পনা থাকলেও সেই সময়সূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়েছে।
তিনি জানান, ইউপি নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এর আগে নির্বাচন কমিশন সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনায় ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের কথা ছিল। পরবর্তী ধাপগুলোতে ডিসেম্বর থেকে শুরু করে ২০২৭ সালের মে পর্যন্ত ভোট আয়োজনের প্রাথমিক সময়সূচিও নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপও বাতিল করা হয়েছে বলে জানান ইসি মাছউদ।
তবে ইউপি নির্বাচনের নতুন সময়সূচি ও তপশিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের পরবর্তী বৈঠকের পর জানা যাবে।