ফরিদপুরের সদরপুর উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান নেওয়া এক অন্তঃসত্ত্বা নারীকে মারধরের পর তার গর্ভের সন্তান নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ ১০ জনের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা করা হয়েছে।
ঘটনাটি শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাষাচর ইউনিয়নের আমির খার ডাঙ্গী গ্রামে ঘটে। ভুক্তভোগী বিথী আক্তার (২৮) মাদারীপুরের শিবচর উপজেলার বড়দোয়ালী গ্রামের বাসিন্দা।
থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, ভাষাচর এলাকার উকিল উদ্দিন শেখের ছেলে ও কাতারপ্রবাসী শাহিন শেখ (৩৫) প্রথম স্ত্রীর বিষয়টি গোপন রেখে প্রায় সাত মাস আগে বিথীকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর তাকে কাতারে নিয়ে যান। প্রায় তিন মাস আগে তারা দেশে ফেরেন। তবে দেশে ফিরে বিথীকে স্বামীর বাড়িতে না তুলে ঢাকার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় রাখেন শাহিন। একপর্যায়ে বিথী অন্তঃসত্ত্বা হলে তাকে রেখে শাহিন চলে যান।
পরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে গত ১০ জুলাই স্থানীয়দের সহায়তায় বিথী স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, পরদিন সকালে অভিযুক্তরা তাকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ দেন। তিনি অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। একপর্যায়ে শাহিনের চাচা পাঞ্জু শেখ তার পেটে লাথি মারেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এতে বিথী গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান মারা যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বিথী আক্তার বাদী হয়ে স্বামীসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।