গাইবান্ধা সদর উপজেলার হরিণসিংহা দীঘিতে কিশোর রায়হান প্রধানকে (১৬) পানিতে চুবিয়ে হত্যার আলোচিত মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ১১ জুলাই রাতে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে মো. সাকিব মিয়া (১৮) ও বিমানবন্দর থানাধীন সেন্টার পয়েন্ট শপিংমলের সামনে থেকে মো. রিফাদ মিয়াকে (১৬) গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ জুন বিকেলে দুই বন্ধু রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হরিণসিংহা দীঘিতে গোসল করতে যায়। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করে পানিতে চুবিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা মো. মকবুল হোসেন গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।