সুইসদের রূপকথার ইতি টেনে সেমিফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

খেলা

১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের

2026-07-12T09:54:25+00:00
2026-07-12T10:13:06+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
খেলা
সুইসদের রূপকথার ইতি টেনে সেমিফাইনালে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:৫৪ এএম  আপডেট: ১২.০৭.২০২৬ ১০:১৩ এএম
সংগৃহীত ছবি


১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে সুইসদের প্রতিরোধ ভেঙে দেয় আলবিসেলেস্তেরা। ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে জুড বেলিংহ্যামের ইংল্যান্ড।

ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। লিওনেল মেসির মাপা কর্নার থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার হেডে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। ১-০ গোলে পিছিয়ে পড়লেও দমে যায়নি সুইজারল্যান্ড। প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করার পর দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মাঝমাঠ থেকে গড়া দারুণ এক আক্রমণ শেষ করে এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজকে পরাস্ত করেন ড্যান এনদোয়ে।

সমতায় ফেরার পরও বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি সুইসরা। ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টি আদায়ের উদ্দেশ্যে ডাইভ দেওয়ার ঘটনায় ভিএআরের সহায়তায় ব্রিল এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড এবং ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। একজন কম নিয়েও নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার একের পর এক আক্রমণ প্রতিহত করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় তারা।

টাইব্রেকারের সম্ভাবনা যখন ক্রমেই জোরালো হচ্ছিল, তখনই অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে জাদুকরী এক গোল করেন হুলিয়ান আলভারেজ। বক্সের বাঁ দিকের কোণা থেকে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন তিনি। গোল উদযাপনের সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে আর্জেন্টিনার বদলি খেলোয়াড় হোসে ম্যানুয়েল লোপেজকে হলুদ কার্ড দেখান রেফারি।

অতিরিক্ত সময়ের যোগ করা শেষ চার মিনিটে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ১০ জনের সুইজারল্যান্ড। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো যোগ করা সময়েই লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়।



  বিষয়:   আর্জেন্টিনা  সুইজারল্যান্ড  আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড  ফিফা বিশ্বকাপ ২০২৬  কোয়ার্টার ফাইনাল  সেমিফাইনাল  লিওনেল মেসি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: