বিশ্বচ্যাম্পিয়ন বলেই আর্জেন্টিনাকে টার্গেট করা হচ্ছে: পক্ষপাতিত্বের ইস্যুতে স্কালোনি

ক্রিয়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা—এমন অভিযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রথমবারের মতো মুখ খুলেছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

2026-07-11T15:33:34+00:00
2026-07-11T15:40:04+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
খেলা
বিশ্বচ্যাম্পিয়ন বলেই আর্জেন্টিনাকে টার্গেট করা হচ্ছে: পক্ষপাতিত্বের ইস্যুতে স্কালোনি
ক্রিয়া ডেস্ক
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৩৩ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা—এমন অভিযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রথমবারের মতো মুখ খুলেছেন আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় অনেকেই আর্জেন্টিনার হার দেখতে চান, আর সেখান থেকেই এমন গুঞ্জনের জন্ম।

শেষ ষোলোর রুদ্ধশ্বাস ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের নাটকীয় জয়ের পর থেকেই রেফারিং ও ভিএআরের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। মিসরের কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশন বিতর্কিত সিদ্ধান্তগুলোর প্রতিবাদ জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে। একই সঙ্গে বিভিন্ন মহলে দাবি ওঠে, লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।

এসব সমালোচনার জবাবে স্কালোনি বলেন, ‘আজ থেকে ৪০ বছর আগে, ১৯৮৬ সালেও বলা হয়েছিল আমরা নাকি বিশেষ সুবিধা পেয়েছিলাম। তাই এ ধরনের গুঞ্জন আমাদের জন্য নতুন নয়। আমার যতদূর মনে পড়ে, আর্জেন্টিনা সবসময়ই বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দলগুলোর একটি। প্রতিপক্ষ কিংবা অনেক মানুষই চাইবে না অন্য কোনো দল জিতুক- এটাই স্বাভাবিক।’

মিসরের একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন কোচ বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই রেফারিরা সব নিয়ম স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন। আন্তর্জাতিক নিয়ম মেনেই মাঠে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়গুলো অনেক সময় অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। আধুনিক ফুটবলে পক্ষপাতিত্বের সুযোগ এখন অনেক কম।’

সংবাদ সম্মেলনে মেসির সাম্প্রতিক পেনাল্টি মিস নিয়েও প্রশ্নের মুখে পড়েন স্কালোনি। তবে দলের অধিনায়কের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ‘লিও যদি পেনাল্টি নিতে চায়, তাহলে সে-ই নেবে। আমাদের দলে আরও ভালো পেনাল্টি টেকার আছে, কিন্তু মেসি নিজে নিতে চাইলে চূড়ান্ত সিদ্ধান্ত তারই।’

চলতি বিশ্বকাপে নেওয়া দুটি পেনাল্টিই মিস করেছেন মেসি। এ ছাড়া ২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে নেওয়া শেষ সাতটি পেনাল্টির মধ্যে তিনি গোল করেছেন মাত্র চারটিতে। তবুও স্কালোনির বিশ্বাস, মেসির দীর্ঘ ক্যারিয়ারের অসাধারণ অর্জন এবং সাম্প্রতিক পারফরম্যান্স তাকে এমন সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেয়।

মাঠে মেসির পজিশন পরিবর্তন নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন স্কালোনি। মিসরের বিপক্ষে ম্যাচের শেষদিকে ডান প্রান্তে সরে গিয়ে আক্রমণ গড়ে তোলেন মেসি, যা দলের জন্য কার্যকর প্রমাণিত হয়।

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এখন সে ম্যাচের বেশিরভাগ সময় মাঝমাঠে খেললেও পুরো দল তার গতিবিধি অনুসরণ করে। খেলার স্বাভাবিক প্রবাহেই সে অবস্থান বদলায় এবং সবাই জানে, ওই দিক থেকে সে কতটা বিপজ্জনক আক্রমণ তৈরি করতে পারে।’

মিসরের বিপক্ষে ম্যাচে একটি দৃষ্টিনন্দন অ্যাসিস্ট করার পাশাপাশি আর্জেন্টিনার সমতাসূচক গোলটিও আসে মেসির পা থেকে। চলতি টুর্নামেন্টে ৪১০ মিনিট মাঠে থেকে তিনি ইতোমধ্যে ১৫টি বড় সুযোগ সৃষ্টি করেছেন। পাশাপাশি করেছেন ৮ গোল ও ১টি অ্যাসিস্ট। শেষ দুই বিশ্বকাপ মিলিয়ে তার মোট গোলসংখ্যা এখন ১৫, আর অ্যাসিস্ট ৪টি।

৩৯ বছর বয়সেও মেসির ফিটনেস নিয়ে কোনো উদ্বেগ দেখছেন না স্কালোনি। তিনি বলেন, ‘লিও এখনও আগের মতোই দৌড়ায়—না বেশি, না কম। পার্থক্য হলো, এখন তার প্রতিটি মুভমেন্ট আগের চেয়ে অনেক বেশি কার্যকর এবং ধারালো।’

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ। কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘কেপ ভার্দের বিপক্ষে আমরা জয়ের যোগ্য দল হিসেবেই জিতেছি, যদিও ম্যাচটি ১২০ মিনিট পর্যন্ত গড়িয়েছিল। আর মিসরের বিপক্ষে আমরা আরও গোছানো ফুটবল খেলেছি। আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং আমাদের ভুলও ছিল খুবই কম।’



  বিষয়:   ফিফা বিশ্বকাপ  আর্জেন্টিনা  পক্ষপাতিত্ব  লিওনেল স্কালোনি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: