আইএমও পুরস্কারে বাংলাদেশের ক্যাপ্টেন আসিফ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মর্যাদাপূর্ণ ‘অ্যাওয়ার্ড ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬’

2026-07-09T20:20:59+00:00
2026-07-09T20:20:59+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
আইএমও পুরস্কারে বাংলাদেশের ক্যাপ্টেন আসিফ
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:২০ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মর্যাদাপূর্ণ ‘অ্যাওয়ার্ড ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬’ (সমুদ্রে অসাধারণ বীরত্বের জন্য আন্তর্জাতিক পুরস্কার)-এর জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন। চলতি বছরের শুরুর দিকে কর্ণফুলী নদীর চ্যানেলে সম্ভাব্য একটি ভয়াবহ শিল্প ও পরিবেশগত বিপর্যয় দক্ষতার সঙ্গে প্রতিরোধ করায় তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২০ জানুয়ারি ক্যাপ্টেন আসিফ আহমেদ ৫১৫ মেট্রিক টন প্রোপেন ও ৪ হাজার ৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাসবোঝাই, লাইবেরিয়ার পতাকাবাহী ১৫৯ দশমিক ৯ মিটার দীর্ঘ এলপিজিবাহী জাহাজ ‘গ্যাস হারমোনি’-কে ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে ভেড়ানোর দায়িত্ব পালন করছিলেন। এ সময় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে যায়। প্রবল স্রোতের কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পার্শ্ববর্তী কাফকো অ্যামোনিয়া জেটির দিকে ধেয়ে যেতে থাকে।

বন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অত্যন্ত দাহ্য ও বিস্ফোরক গ্যাসবোঝাই জাহাজটি জেটিতে আঘাত করলে ভয়াবহ বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক প্রাণহানি, বন্দর অবকাঠামোর মারাত্মক ক্ষতি এবং দেশের প্রধান সমুদ্রবন্দর দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

এমন সংকটময় পরিস্থিতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ক্যাপ্টেন আসিফ জরুরি ভিত্তিতে জাহাজের নোঙর ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে বন্দরের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে উদ্ধারকারী টাগবোটগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে জাহাজটিকে বিপরীত দিকে টেনে ধরার নির্দেশনা দেন। তার তাৎক্ষণিক ও কৌশলগত পদক্ষেপে নিয়ন্ত্রণহীন জাহাজটির গতি থেমে যায় এবং ‘গ্যাস হারমোনি’ জেটি থেকে মাত্র ১ দশমিক ২ মিটার দূরে নিরাপদে থেমে যায়। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে ক্যাপ্টেন আসিফের সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে সম্ভাব্য একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অন্যথায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জেটি এবং আন্তর্জাতিক নৌপথের দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারত।

এ ঘটনার পর ক্যাপ্টেন আসিফ আহমেদের সাহসিকতা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। ‘গ্যাস হারমোনি’-এর ক্যাপ্টেন ও জাহাজের মালিকপক্ষ তার অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিক প্রশংসাপত্র প্রদান করেছে।

উল্লেখ্য, আইএমওর ‘অ্যাওয়ার্ড ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি’ বৈশ্বিক সামুদ্রিক খাতের অন্যতম সর্বোচ্চ সম্মাননা। সমুদ্রে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দুর্ঘটনা ও বিপর্যয় প্রতিরোধে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কার প্রদান করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: