যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে এক কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা মূল্যের স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় মো. তৌফিকুর রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি যশোরের শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌফিকুর রহমান জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। মোবাইল ফোন ও নগদ টাকাসহ জব্দ করা আলামতের মোট মূল্য ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, "সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। পাচার রোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"