চলতি ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবলের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে সুপার বোলের আদলে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন, বিবার-শাকিরা-ম্যাডোনার মতো বিশ্বের একঝাঁক জনপ্রিয় সংগীত তারকা।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই আয়োজনে মঞ্চে উঠবেন পপ তারকা জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এছাড়া থাকবেন নাইজেরীয় সংগীতশিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের অংশগ্রহণে পিএস২২ কোরাস এবং শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর জনপ্রিয় মাপেট চরিত্রগুলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী শিশুদের শিক্ষায় ব্যয়ের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জাস্টিন বিবার বলেন, ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে।
স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর বাতিলের চার বছর পর চলতি বছর কোচেলা উৎসবের মাধ্যমে মঞ্চে ফিরেছিলেন বিবার। এবার বিশ্বকাপের হাফটাইম শোতে অংশ নিয়ে তিনি আবারও বৈশ্বিক দর্শকদের সামনে পারফর্ম করবেন।
ফিফার এই ঐতিহাসিক হাফটাইম শোর কিউরেশনের দায়িত্ব পালন করেছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করা শাকিরা ও বার্না বয় আবারও একসঙ্গে মঞ্চে উঠবেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
উল্লেখ্য, এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্কে।