বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে মরক্কো। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো কোনো গোপন কৌশল তাদের নেই। তবে লক্ষ্য শুধু ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নয়, বিশ্বকাপের শিরোপা জেতাও।
সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ফ্রান্সকে অবাক করার মতো বিশেষ কিছু নেই। দুই দলই একে অপরের খেলার ধরন সম্পর্কে ভালোভাবেই জানে। মাঠে যে দল নিজেদের পরিকল্পনা সবচেয়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে, তারাই এগিয়ে থাকবে।
তিনি জানান, মরক্কো রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলবে না। বরং বলের দখল ধরে রেখে ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তুলতে চায় তার দল। মাঝমাঠ এবং দুই উইংয়ের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে ফ্রান্সকে চাপে ফেলার পরিকল্পনাও রয়েছে তাদের।
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের প্রসঙ্গ উঠলেও সেটিকে গুরুত্ব দিতে চাননি ওয়াহবি। তার মতে, সেই ম্যাচের সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই।
ওয়াহবির ভাষায়, চার বছর আগের দল আর এখনকার দল এক নয়। খেলোয়াড়দের মধ্যেও পরিবর্তন এসেছে। তাই অতীত নিয়ে না ভেবে বর্তমান ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান তিনি।
ফ্রান্সকে টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে স্বীকৃতি দিলেও তাদের নিয়ে ভীত নন মরক্কো কোচ। তার বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রয়েছে তার দলের।
বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েও দৃঢ় অবস্থান জানান ওয়াহবি। তিনি বলেন, অনেকেই মনে করছেন মরক্কো ইতোমধ্যেই অনেক দূর এসেছে। কিন্তু তাদের ভাবনা ভিন্ন। কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল নয়, তাদের লক্ষ্য বিশ্বকাপ ট্রফি জেতা। টুর্নামেন্ট শেষ হওয়ার আগে কোনো অর্জন উদযাপন করতে চান না তারা।
ম্যাচে সাফল্য পেতে খেলোয়াড়দের সর্বোচ্চ নিবেদনের ওপরও জোর দেন তিনি। ওয়াহবির মতে, ফ্রান্স অসাধারণ একটি দল। তাদের হারাতে হলে মরক্কোকে ‘২০০০ শতাংশ’ উজাড় করে খেলতে হবে, যাতে ম্যাচ শেষে কোনো আক্ষেপ না থাকে।
তবে ম্যাচের আগে একটি দুঃসংবাদও পেয়েছে মরক্কো। হ্যামস্ট্রিং চোটের কারণে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারি ফ্রান্সের বিপক্ষে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন ওয়াহবি। যদিও টুর্নামেন্টের পরবর্তী ধাপে তাকে দলে পাওয়ার আশা এখনও ছাড়ছেন না তিনি।