দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হালনাগাদ তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে নির্ধারিত ছকে তথ্য প্রস্তুত করে নির্দিষ্ট সময়ের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।
ডিপিইর দেওয়া ছক অনুযায়ী, পৃথকভাবে পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং পুরুষ ও নারী সহকারী শিক্ষকদের মধ্যে কতজন বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সে তথ্য দিতে হবে। পাশাপাশি অনুপস্থিত শিক্ষকদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাও আলাদাভাবে উল্লেখ করতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব জেলা ও উপজেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে।