নতুন বছরে নয়, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ডিসেম্বর মাসেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বার্ষিক পরীক্ষা চলাকালেই শিক্ষার্থীরা নতুন বছরের বই হাতে পাবে, যাতে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই পাঠদান নির্বিঘ্নে শুরু করা যায়।
সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যেই নতুন পাঠ্যবই প্রস্তুত রাখার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সে অনুযায়ী ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
মন্ত্রী জানান, পাঠ্যবই ছাপানোর দরপত্র প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব প্রকাশনা প্রতিষ্ঠানের কাছে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া হবে। এরপর তারা বই মুদ্রণের কাজ শুরু করবে।
তিনি আরও বলেন, বই মুদ্রণ ও সরবরাহ কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সার্বক্ষণিক তদারকি করবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়।
এ সময় শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের পাঠ্যবইয়ে শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।