যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কোনি আইল্যান্ডে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর এনবিসি নিউজের।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত প্রায় ১০টা ৩৭ মিনিটে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আটজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের বয়স ৬ থেকে ৩৭ বছরের মধ্যে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও বুকে গুলিবিদ্ধ ২১ বছর বয়সী এক তরুণীর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
আহত শিশুদের মধ্যে ৬ বছর বয়সী এক শিশুর পেটে, ৭ বছর বয়সী আরেক শিশুর দুই পায়ে, ১২ বছর বয়সী এক শিশুর পায়ে এবং ১৪ বছর বয়সী এক কিশোরের ঊরুতে গুলি লেগেছে।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি।
এদিকে, গোলাগুলির ঘটনাস্থল কোনি আইল্যান্ড থেকে বাসে প্রায় ৪৭ মিনিটের দূরত্বে অবস্থিত নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও নরওয়ের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হবে তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের নরওয়ে।