নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার তালতলা এলাকায় একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি মাছুম রানার বলে শনাক্ত করেন। তিনি উপজেলার সোনাচড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার মাছুম রানা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি কৌশলে মাছুমকে বাসা থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে। পরে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।