নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর বাড়িতে সাইদা বিন দীপা (২৫) নামে আড়াই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে ঘোড়াশাল পৌরসভার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে দীপাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতেই তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহের সৃষ্টি হলে তারা অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন দীপা।
নিহত দীপার বাবার বাড়ি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম গ্রামে। তিনি মৃত নাজমুল কবির সিদ্দিকের মেয়ে। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোক ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।