সিলেট বিভাগের সড়ক উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও টিউবওয়েল স্থাপনের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে জলাবদ্ধতা ও সেচ সংকটের কারণে অনাবাদি থাকা জমিকে চাষাবাদের আওতায় আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৪ জুলাই) সিলেট সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ এবং রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো গড়ে তোলা। এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ, কৃষি, সেচ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, চলমান সহায়তা কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে জিআর চাল দেওয়া হবে। এছাড়া প্রায় ৭০০ জনকে জনপ্রতি এক হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা ও বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ হলে তিনতলা ভবনটি মাদ্রাসার পাশাপাশি বন্যা ও অন্যান্য দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। সেখানে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক কক্ষ, বাথরুমসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হবে।
তিনি আরও জানান, দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণ ও এলাকার সার্বিক উন্নয়নে প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি খাল খনন কর্মসূচি জোরদার করে সেচব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে, যাতে সিলেটের কৃষিজমিতে সারা বছর চাষাবাদ সম্ভব হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।