সুন্দরবনে বিষ প্রয়োগ করে অবৈধভাবে মাছ শিকার সম্পূর্ণভাবে বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৬ মৌসুমের কৃষি পুনর্বাসন সহায়তা ও কৃষি প্রণোদনা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পকারখানায় নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং লবণাক্ততার কারণে কৃষিখাতে ক্ষতিগ্রস্তদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে সুন্দরবনের সম্পদ টেকসইভাবে আহরণ এবং বনাঞ্চলে বিষ প্রয়োগ করে অবৈধ মাছ শিকার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।
অনুষ্ঠানে ২ হাজার ৩৩০ জন কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে সার, ফলজ গাছের চারা, ধান ও বিভিন্ন শাকসবজির বীজ বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মো. রেফাতুল ইসলাম, মোংলা থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন হাওলাদার পনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।