ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে হত্যার সর্বশেষ ইসরায়েলি হুমকির বিরুদ্ধে জাতিসংঘে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘের মহাসচিব, নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পরিকল্পিত নীতি’ হিসেবে আখ্যা দিয়েছে ইরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি চিঠিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বক্তব্যের কঠোর নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, ইরানি সরকারি কর্মকর্তা ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল ধারাবাহিকভাবে আগ্রাসী নীতি অনুসরণ করছে।
চিঠিতে ইরাভানি দাবি করেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ, সমন্বয় ও সমর্থনে পরিচালিত হয়েছে। তিনি বলেন, সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিসহ দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে দেওয়া হুমকি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।
ইরানের রাষ্ট্রদূত আরও অভিযোগ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল ‘শাস্তিহীনতার সংস্কৃতি’ গড়ে তুলেছে। এর ফলে দেশটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে স্বাভাবিক করার সাহস পাচ্ছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
চিঠিতে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের হুমকির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।