রাজধানীর ভাটারা থানায় ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগার থেকে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে ২০২৫ সালের ১৬ মে রাজধানী থেকে জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ গত ২৮ জুন ভাটারা থানার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রিফাত আল আফসানী।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান করেন ব্যবসায়ী রবিউল ইসলাম। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র নেতাকর্মীদের গুলিতে তিনি আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রায় সাড়ে চার মাস পর, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী রবিউল ইসলাম বাদী হয়ে ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় জেবুন্নেসা আফরোজসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়েছে।