চলমান ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ফ্রান্স। সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা নিশ্চিত করার পর হিসাব অনুযায়ী আর্জেন্টিনাকে টপকে এক নম্বরে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল।
বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের অবস্থান ছিল র্যাঙ্কিংয়ের তিন নম্বরে। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। শীর্ষে ছিল আর্জেন্টিনা (১৮৭৭.২৭) এবং দ্বিতীয় স্থানে ছিল স্পেন (১৮৭৪.৭১)।
গ্রুপ পর্বে টানা তিন জয়ের পর নকআউট পর্বের প্রথম ম্যাচেও জয় তুলে নেয় কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলের দল। চার ম্যাচে অপরাজিত থেকে তারা মোট ৪৫.৫৪ রেটিং পয়েন্ট অর্জন করেছে। ফলে ফ্রান্সের মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৯১৬.২৪, যা তাদের র্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছে।
অন্যদিকে আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০, ফলে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১৮৭৯.৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন।
হালনাগাদ হিসাব অনুযায়ী, চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড। এরপর যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল, মরক্কো এবং নেদারল্যান্ডস। তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে পর্তুগাল। পাঁচ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে মেক্সিকো এবং দশম স্থানে রয়েছে বেলজিয়াম।
তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনও আনুষ্ঠানিকভাবে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেনি। বিশ্বকাপের ম্যাচগুলোর ফলাফলের ভিত্তিতে ইলো রেটিংয়ের হিসাব অনুযায়ী এই অবস্থান নির্ধারিত হয়েছে।