সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আবু বকর সিদ্দিক।
বুধবার (১ জুলাই) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে যুবদলসহ উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
২০০৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং নয়ানগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন।
তিনি আরও জানান, রাজনৈতিক নানা চাপ, হামলা ও মামলার মুখে ২০১৯ সালে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এরপর থেকে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ বিবেচনায় তিনি দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। পাশাপাশি জীবনের অবশিষ্ট সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।