জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা আদালতের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক দাবি করে তা বাতিলের আহ্বান জানান।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শিক্ষা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাব, তোপখানা, পল্টন ও জিরো পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন এবং বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া পরিচালিত হয়েছে এবং যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রতিষ্ঠিত আদালতে তার বিচার করাকে তারা ‘প্রহসন’ হিসেবে দেখছেন।
জাসদ নেতারা আরও দাবি করেন, ইনুর বিরুদ্ধে আনা ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয়জন হত্যাসহ বিভিন্ন অভিযোগ আদালতের রায়ে প্রমাণিত হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র দায় আরোপ করা হলেও ওই সময়ে ইনু কোনো মন্ত্রী, সংসদ সদস্য কিংবা রাষ্ট্রীয় বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার কোনো নিয়ন্ত্রণও ছিল না।
সমাবেশ থেকে জাসদের পক্ষ থেকে হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় বাতিলের দাবি জানানো হয়।