জাতীয় সংসদে বাজেটের মঞ্জুরি দাবির বিপরীতে দেওয়া সব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে বিরোধী দল। প্রস্তাবগুলো গৃহীত হওয়ার সম্ভাবনা না থাকায় এবং সংসদের মূল্যবান সময় সাশ্রয়ের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বাজেট অধিবেশনে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনার সময় স্পিকারের অনুমতি নিয়ে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ছাঁটাই প্রস্তাব দেওয়া হলেও সেগুলোর কোনোটিই গৃহীত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাই সংসদের সময় বাঁচানোর স্বার্থে সব ছাঁটাই প্রস্তাব একসঙ্গে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সংসদীয় রেওয়াজের প্রতি সম্মান রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাজেট-সংক্রান্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে এবং সরকারি দলের কাজও সহজ হবে।
বিরোধীদলীয় নেতার প্রস্তাবে সম্মতি জানিয়ে স্পিকার বলেন, ট্রেজারি বেঞ্চ বিষয়টি গ্রহণ করেছে।
পরে স্পিকার জানান, এরপর থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা শুধু নিজ নিজ মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি উত্থাপন করবেন এবং সেগুলো সরাসরি ভোটে নিষ্পত্তি করা হবে।