রাজধানীর সড়কে ট্রাফিক আইন বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার ব্যবহার শুরু হওয়ার পর প্রায় দুই মাসে দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে যানবাহনের মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন জটিলতায় অন্তত ৩৮ হাজার সমন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সংসদ ভবন ও জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডে এআই ক্যামেরাভিত্তিক ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমানে রাজধানীর ১৫টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই ক্যামেরা কার্যক্রম চালু রয়েছে। মঙ্গলবার আরও চারটি ইন্টারসেকশন যুক্ত হওয়ায় মোট ১৯টি স্থানে এই প্রযুক্তির মাধ্যমে যানবাহন পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়েও পর্যায়ক্রমে এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
তিনি জানান, সড়কে গাড়ি থামিয়ে মামলা করার পরিবর্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আইন লঙ্ঘন শনাক্ত করে ডিজিটাল পদ্ধতিতে মামলা দেওয়া হচ্ছে। বর্তমানে এসব মামলার কপি ডাকযোগে সংশ্লিষ্ট গাড়ির মালিকের কাছে পাঠানো হচ্ছে।
তবে যানবাহনের মালিকানা পরিবর্তনের তথ্য হালনাগাদ না থাকায় অনেক ক্ষেত্রে মামলার নোটিশ আগের মালিকের কাছে চলে যাচ্ছে বলে জানান কমিশনার। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন বিভিন্ন কারণে পেন্ডিং রয়েছে এবং এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, শুধু ঢাকা মহানগর পুলিশের পক্ষে এসব যানবাহন সড়ক থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে গুরুত্বপূর্ণ ক্রসিং ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় এআই ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে চালকদের মধ্যে লেন মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল অনুসরণের প্রবণতা বেড়েছে।
ডিএমপি কমিশনার জানান, নতুন প্রযুক্তির আওতায় গতিসীমা লঙ্ঘন, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অবৈধ পার্কিং এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে ডিজিটাল পদ্ধতিতে মামলা রুজু করবে। পরে সংশ্লিষ্ট চালক বা যানবাহনের মালিক স্বচ্ছ প্রক্রিয়ায় এসব মামলা নিষ্পত্তি করতে পারবেন।