রাজধানীর আদাবরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক রুবেল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুন) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সামসুর রহমান বাদল বলেন, রামনা থানার একটি মামলায় নবী নেওয়াজ ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। মুক্তি পাওয়ার পরপরই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ মামলার এজাহারে নবী নেওয়াজের নাম নেই। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। এ তিনি শারীরিকভাবে অসুস্থ এবং বয়স বিবেচনায় তাকে গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ সকাল ১১টার দিকে আদাবরের রিং রোড এলাকায় একটি প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালালে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।