জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। একই সঙ্গে ২০২৫–২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২৭ জুন) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশনে এ বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
সিনেটে ২০২৬–২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ফলে বাজেটে ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকার ঘাটতি থাকবে। অন্যদিকে, ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৬২৫ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা, যেখানে ঘাটতির পরিমাণ ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।
অধিবেশনে উপাচার্য এ এস এম আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, কর্মমুখী ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে দেশ-বিদেশের ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক মানের অ্যাপ্রেনটিস প্রোগ্রাম চালুর মাধ্যমে ৫০ হাজার শিক্ষানবিশ তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের বৈশ্বিক দক্ষতা বাড়াতে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের মাধ্যমে মান্দারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শেখানোর কার্যক্রমও পরিচালিত হচ্ছে। পাশাপাশি দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম প্রণয়নের কাজ চলমান রয়েছে।
সিনেট অধিবেশনে সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।