গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘাতে নিহত নিজেদের ছয়জন সেনা সদস্যের নাম প্রকাশ করেছে ভারত। ওই রক্তক্ষয়ী সংঘাতে দেশটির সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং বিমানবাহিনীর একজন সদস্য কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান।
শুক্রবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে এই বীর সেনা সদস্যদের নাম ও পরিচয় প্রকাশ করে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে ভারত। প্রায় এক বছর পর ওই অভিযানে নিহত সেনাদের নাম প্রকাশ করা হলো।
নিহত ছয় সেনা সদস্যের নাম রাজধানী দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্থায়ীভাবে খোদাই করে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহতরা হলেন—সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।
দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ত্যাগ চক্র’ অংশটি বিভিন্ন সামরিক সংঘাতে নিহত সেনাদের স্মরণে উৎসর্গীকৃত। এটি ১৬টি বৃত্তাকার গ্রানাইট প্রাচীর নিয়ে গঠিত, যেখানে স্বাধীনতার পর থেকে বিভিন্ন যুদ্ধে নিহত সেনাদের নাম, পদবি ও ইউনিট খোদাই করা রয়েছে। এবার সেখানে ‘অপারেশন সিঁদুরে’ নিহত ছয় সেনার নামও যুক্ত করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে আকস্মিক বিমান ও স্থল হামলা চালায় ভারত। এর আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়।
এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে তীব্র আকাশযুদ্ধ, ড্রোন হামলা এবং সীমান্তজুড়ে গোলাবর্ষণ শুরু হয়। চার দিনব্যাপী চলা ওই সংঘাতের অবসান ঘটে গত বছরের ১০ মে।