হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী সব জাহাজকে ইরানের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।
শুক্রবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালিসহ এ অঞ্চলে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আইআরজিসির নৌবাহিনীর জারি করা আইন ও নির্দেশনাই কার্যকর থাকবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, অন্তত তিনটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। তবে আইআরজিসির সতর্কবার্তার পর সেগুলো ফিরে যেতে বাধ্য হয়।
এদিকে গতকাল সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্রসদৃশ হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে প্রণালিতে আটকে পড়া ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধারের জাতিসংঘের চলমান মিশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তেহরান এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইরান বরাবরই তাদের অনুমতি ছাড়া এ নৌপথ ব্যবহার না করার জন্য বিভিন্ন দেশ ও জাহাজকে সতর্ক করে আসছে।
এর আগে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দেয় ওমান। দেশটি জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ নৌপথ সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সঙ্গে সমন্বয় করে এবং নৌ-চলাচল ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ করিডোর চালু করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিবেচনায় নিয়ে কোনো ধরনের ফি ছাড়াই অস্থায়ী এ করিডোর ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। করিডোরটি আইএমও ও সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করতে হবে। পাশাপাশি এ পথে চলাচলকারী সব জাহাজকে আন্তর্জাতিক সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে।