জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সরকার জনগণবিরোধী কোনো পদক্ষেপ নিলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের মানুষ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন প্রত্যাশা করেছিল। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা সরকারগুলোও জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, একই দিনে দুটি ভোট আয়োজন করা হলেও সংস্কারের প্রশ্নে গণভোটের দাবি উপেক্ষা করা হয়েছে। সরকারের বিরুদ্ধে জনগণের মতামতকে অগ্রাহ্য করার অভিযোগও তোলেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দলটি গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন কমিশন ও বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে একক আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। তিনি রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করে তিনি বলেন, দেশে ধারাবাহিকভাবে সহিংসতার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য বিষয়ে ব্যস্ত রয়েছেন।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জামায়াতে ইসলামী শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবে না, তা প্রতিহত করতেও মাঠে থাকবে। অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে দলের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যদি কোনো সিদ্ধান্তে ভুল করে, তাহলে জনগণ যেন তা তুলে ধরে এবং প্রয়োজন হলে প্রতিবাদও করে।