চীনের সরকারি সফরের শেষ দিনে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি জাদুঘরটি ঘুরে দেখেন।
জাদুঘরে পৌঁছালে কিউরেটর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং বিভিন্ন গ্যালারি পরিদর্শনে তাকে সহায়তা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি একটি ইমার্সিভ অডিও-ভিজ্যুয়াল কোস্টার শো উপভোগ করেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসের উদ্দেশে জাদুঘর ত্যাগ করেন।
এর আগে সকালে তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে গ্রেট হল অব দ্য পিপলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।
চার দিনের সরকারি সফরে চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
সফর শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সূত্র: বাসস