প্রযুক্তিনির্ভর আধুনিক সেনাবাহিনী গড়বে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিশ্বব্যাপী সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনীকে স্বাধীনতার পর থেকেই নানা অপপ্রচারের মাধ্যমে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছিল

2026-07-26T16:13:06+00:00
2026-07-26T16:15:08+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
প্রযুক্তিনির্ভর আধুনিক সেনাবাহিনী গড়বে সরকার: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:১৩ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৪:১৫ পিএম
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিশ্বব্যাপী সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনীকে স্বাধীনতার পর থেকেই নানা অপপ্রচারের মাধ্যমে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানান, সময়োপযোগী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

রবিবার (২৬ জুলাই) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল অবদান থাকা সত্ত্বেও স্বাধীনতার পর বাহিনীটির ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হয়েছিল। সে সময় সেনাবাহিনীতে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হলেও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের নেতৃত্বে বাহিনীতে শৃঙ্খলা ও পেশাদারত্বের নতুন অধ্যায়ের সূচনা হয়।

তিনি জানান, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যুদ্ধের ধরন বদলে গেছে। তাই প্রচলিত সামরিক সক্ষমতার পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্যযুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও টেকসই প্রতিরক্ষা আধুনিকায়ন মডেল অনুসরণ করা হবে। এ লক্ষ্যে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য একটি সমন্বিত রূপরেখা প্রণয়নের কাজ চলছে।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা কেবল সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর নির্ভরশীল নয়; বরং জনগণ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিল্প, প্রযুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিত করেই একটি শক্তিশালী জাতীয় নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে।

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় চলমান ১ হাজার ৩৬ কিলোমিটার দীর্ঘ ‘বর্ডার রোড’ প্রকল্প নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে মাইন ও বিস্ফোরকমুক্ত করার কাজও চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্যের কথাও তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে সেনাসদস্যদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সংকট, জাতীয় নির্বাচন এবং জ্বালানি নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকাও তিনি উল্লেখ করেন।

পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে সততা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাসদরের নির্বাচনি পর্ষদ পেশাদার নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সেনা কর্মকর্তাদের শারীরিক সক্ষমতা ও নিয়মিত ফিটনেস চর্চার প্রতিও গুরুত্বারোপ করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: