দেশের চা শিল্পের উৎপাদন বৃদ্ধি, প্রতিযোগিতা সক্ষমতা জোরদার এবং দীর্ঘদিনের নানা সংকটের টেকসই সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে দেশের চা শিল্পের উন্নয়নবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ এবং শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দাবি ও প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
সব পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রস্তুত।
তিনি বিদ্যমান ঋণের দায় সহজীকরণ, স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ এবং চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ সৃষ্টির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান।
সভা শেষে চা শিল্পের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ওই কমিটি শিল্পের বিদ্যমান সমস্যা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে বলে জানা গেছে।