শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪৫ জন কৃতি শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করতে যাচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে আরও উৎসাহিত করতেই বিশ্ববিদ্যালয় এ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, চলতি বছর ১৪৫ জন অনন্য কৃতি শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, শাহীনুল ইসলাম, প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী এবং ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন ফাজিল ও কামিল কোর্সে ‘এ+’ প্রাপ্ত ১৪৫ জন শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ড. আ ন ম এহছানুল হক মিলন-এর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাহ্দী আমিন, আবদুল খালেক এবং প্রফেসর ড. মামুন আহমেদ।