প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণ জটিলতায় পড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ভারী বর্ষণের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা বিমানেই অপেক্ষা করতে হয়েছে সেলেসাওদের। ফলে মায়ামিতে পৌঁছাতে দেরি হয় এবং দলের নির্ধারিত সংবাদ সম্মেলনও পিছিয়ে যায়।
ব্রাজিলের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে দলটির বেস ক্যাম্প রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সেখান থেকে নিউআর্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি।
তবে প্রবল বৃষ্টিপাতের কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ১২টায় বিমান ছাড়ার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় প্রায় তিন ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে ব্রাজিল দলকে বহনকারী বিমান। পরে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছাতে সকাল হয়ে যায়।
সব মিলিয়ে প্রায় সাত ঘণ্টা বিমানে কাটাতে হয়েছে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আলিসন বেকারদের। এ পরিস্থিতিতে দলের সূচিতে কিছু পরিবর্তন আনার জন্য আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
যদিও ভ্রমণজনিত এই ভোগান্তি দলের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী ২৫ জুন ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
এ ম্যাচটিকে ঘিরে সমর্থকদের আগ্রহের অন্যতম কারণ, দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন তারকা ফরোয়ার্ড নেইমার। পাশাপাশি কোচ কার্লো আনসেলোত্তির অধীনে ব্রাজিলের পারফরম্যান্সও থাকবে আলোচনার কেন্দ্রে।