বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
নকআউট পর্বের টিকিট নিশ্চিত করা এবং গ্রুপ সেরার অবস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচে দলের সম্ভাব্য একাদশে দেখা যেতে পারে নতুন মুখ ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রায়ানকে।
এছাড়া দীর্ঘদিন পর বিশ্বকাপ দলে ফিরছেন দলের মূল তারকা নেইমার জুনিয়র। তবে তিনি এখনও পুরোপুরি ম্যাচ-ফিট না হওয়ায় তাকে শুরু থেকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে ব্রাজিল শিবিরে সতর্কতা হিসেবে রয়েছে ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস। আজকের ম্যাচে তারা হলুদ কার্ড দেখলে নকআউট পর্বের ‘রাউন্ড অব ৩২’ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাই এবং ভালো একটি ম্যাচ উপহার দিতে চাই। কার্ড বা অন্য কোনো বিষয় মাথায় রেখে দল সাজানোর কোনো মানে নেই। আমাদের লক্ষ্য জয়ের মাধ্যমে এগিয়ে যাওয়া।’
এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়েও চলছে আলোচনা। তবে কৌশলগত কারণে চূড়ান্ত একাদশ ম্যাচের আগে প্রকাশ করা হয়নি।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: আলিসন বেকার; ডিফেন্ডার: দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, অ্যালেক্স সান্দ্রো; মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, লুকাস পাকেতা; ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, নেইমার জুনিয়র।