বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০ মুসলিমকে নিজ খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার অনুমোদন দিয়েছেন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের মেহমানদের জন্য হজ, উমরাহ ও পরিদর্শন কর্মসূচি’র আওতায় নির্বাচিত নারী ও পুরুষ মুসল্লিরা এই বিশেষ আতিথেয়তা লাভ করবেন।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ১৪৪৮ হিজরি বছরে চার ধাপে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। এর প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন মুসলিম ওমরাহ পালনের সুযোগ পাবেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।
কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে সৌদি আরবের ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়। এ উপলক্ষে দেশটির ইসলামি বিষয়ক মন্ত্রী আব্দুললতিফ আল-শেখ বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, মুসলিম বিশ্বের মানুষের জন্য ওমরাহ পালন ও ইসলামের পবিত্র স্থানসমূহ জিয়ারত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি নেতৃত্বের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা সুশৃঙ্খল পরিবেশে ওমরাহ আদায় এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানসমূহ পরিদর্শনের সুযোগ পাবেন।
মন্ত্রী আরও বলেন, এই কর্মসূচি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বিভিন্ন দেশের আলেম, চিন্তাবিদ ও মুসলিম সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।