২০২৭ সালের হজ কার্যক্রম থেকে টানা তিন বছর কম সংখ্যক হজযাত্রী নিবন্ধনকারী এজেন্সিগুলোকে এক বছরের জন্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৬ মৌসুমে মোট ৭৫৮টি হজ এজেন্সিকে কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য তালিকাভুক্ত করা হয়েছিল। শর্ত অনুযায়ী, কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন (একজন হজ গাইডের সমসংখ্যক) হজযাত্রী নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী এই ন্যূনতম সংখ্যা পূরণ না করলে সংশ্লিষ্ট এজেন্সির নিবন্ধিত হজযাত্রী অন্য এজেন্সিতে স্থানান্তরের মাধ্যমে হজ পালনের ব্যবস্থা করা হবে।
মন্ত্রণালয় আরও জানায়, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর যেসব এজেন্সি ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে, সেগুলোকে ২০২৭ সালের হজ কার্যক্রম থেকে এক বছরের জন্য বিরত রাখা হবে।
অন্যদিকে ২০২৬ সালের যোগ্য তালিকাভুক্ত ৭৫৮টি এজেন্সির মধ্যে যেসব এজেন্সি একজনও হজযাত্রী নিবন্ধন করতে পারেনি, সেগুলোকেও আগামী বছরের হজ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।