আগামী ২৬ জুন (শুক্রবার) দেশে পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
সভা শেষে জানানো হয়, বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন (বুধবার) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে এবং ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, আশুরা উপলক্ষে ২৬ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা রয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে। সভায় জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়।
উল্লেখ্য, ১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। এ দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই শোকাবহ ঘটনাকে স্মরণ করেই মুসলিম বিশ্বে দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়।