আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির প্রথম রাতেই পবিত্র কাবা শরিফে পরানো হচ্ছে নতুন গিলাফ (কিসওয়া)। সোমবার (১৫ জুন) এশার নামাজের পর মসজিদুল হারামে শুরু হবে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক আয়োজন, যেখানে কাবা শরিফ-এর পুরোনো গিলাফ পরিবর্তন করে নতুন কিসওয়া পরানো হবে।
প্রতি বছর হিজরি বর্ষের প্রথম দিন (১ মহররম) কাবা শরিফের গিলাফ পরিবর্তনের এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে পালন করে আসছে সৌদি আরব। কোটি কোটি মুসলমানের কাছে এটি এক গভীর আধ্যাত্মিক আবেগ ও শ্রদ্ধার মুহূর্ত হিসেবে বিবেচিত।
১১ মাসের পরিশ্রমে তৈরি নতুন কিসওয়া
নতুন গিলাফ তৈরিতে সময় লেগেছে প্রায় ১১ মাস। মক্কায় অবস্থিত “কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়া”-এর দক্ষ কারিগররা অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটি তৈরি করেছেন।
নতুন কিসওয়া তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪৭টি বিশুদ্ধ প্রাকৃতিক রেশমের প্যানেল। এতে সোনালি ও রুপালি সুতা দিয়ে সূক্ষ্ম এমব্রয়ডারি ও ক্যালিগ্রাফির মাধ্যমে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত খচিত রয়েছে। পুরো গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।
তৈরির ধাপসমূহ
একটি কিসওয়া প্রস্তুতের ক্ষেত্রে রয়েছে কয়েকটি নির্দিষ্ট ধাপ—রেশম প্রক্রিয়াজাতকরণ, সুতা রং করা, তাঁতে বয়ন, ক্যালিগ্রাফি নকশা তৈরি, নির্দিষ্ট মাপে অংশ জোড়া লাগানো, সোনা-রুপার সুতা দিয়ে সূচিকর্ম এবং সর্বশেষ কঠোর মান নিয়ন্ত্রণ।
কাবা ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি
গিলাফ পরিবর্তনের দিন ঘনিয়ে আসায় মসজিদুল হারামে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন কিসওয়ার অংশগুলো ইতোমধ্যে নির্দিষ্ট স্থানে নেওয়া হয়েছে এবং শেষ মুহূর্তের মান যাচাই চলছে।
প্রক্রিয়াটি শুরু হবে পুরোনো গিলাফের সোনালি অলংকরণ ও সূচিকর্ম সাবধানে খুলে ফেলার মাধ্যমে। এরপর ধাপে ধাপে পুরোনো কিসওয়া সরিয়ে নতুন গিলাফ কাবা শরিফে স্থাপন করা হবে।
একই রাতে কাবার দরজার পর্দা ও বিশেষ বেল্টও (হিজাম) পরিবর্তন করা হবে। পুরো কাজটি অত্যন্ত সতর্কতা ও নির্দিষ্ট ধারাবাহিকতা মেনে সম্পন্ন করা হয়, যাতে কাবার চারপাশে নতুন গিলাফ নিখুঁতভাবে স্থাপিত হয়।