বর্তমান বিশ্বে পানি সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে, যা মানবজীবন, কৃষি ও পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এশিয়ার সব দেশকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বেলি ওয়াটার কনসালটেটিভ বোর্ডের (এএডব্লিউসি) জেনারেল সেক্রেটারি হা সাং জে এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, পানি সমস্যা এতটাই তীব্র যে, বাংলাদেশসহ কোনো কোনো দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংকট আরো মারাত্মক আকার ধারণ করেছে। পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে স্বাধীনতার পর থেকেই আলোচনা অব্যাহত রেখেছে।
হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদেরকে এএডব্লিউসি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে বৈশ্বিক পানি সংকট সমস্যা সমাধানে স্পিকারের সহযোগিতা কামনা করেন। ২০২৬ সালে লাওসে অনুষ্ঠেয় এএডব্লিউসি’র বার্ষিক সম্মেলনে যোগদান করার জন্য তিনি স্পিকারকে আমন্ত্রণ জানান।
এএডব্লিউসি একটি আইনী কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানের জন্য ২০১৯ সাল থেকে যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে সেজন্য সংগঠনটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান স্পিকার।
এএডব্লিউসি পানি সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর জাতীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে যে লেজিসলেটিভ কার্যক্রম শুরু করেছে, সে উদ্যোগে বাংলাদেশের সংসদ সদস্যদেরকে যুক্ত হওয়ার জন্য স্পিকার সুপারিশ করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করা হয়। এ ছাড়া এএডব্লিউসি’র লাওসে অনুষ্ঠেয় পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলে স্পিকার প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।